সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল একটি বেসরকারি কোম্পানির এক কোটি দল লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অস্ত্র ঠেকিয়ে তাদের টাকা নিয়ে যাওয়া হয়। গত শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. নাজিম উদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকার ভাটারা থানা এলাকার ‘দিবা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও একই কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল জীবন বিমা ভবনে থাকা সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এক কোটি দশ লাখ টাকা উত্তোলন করে তাদের চাঁদপুরের দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ে দড়িকান্দি ব্রিজ পার হতেই পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে অজ্ঞাতনামা ৬ সদস্যের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভূক্তভোগী ম্যানেজারকে গাড়িটি তল্লাশির কথা বলেন। একপর্যায়ে তারা ভূক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে ও হ্যান্ডকাফ পড়িয়ে মাইক্রোবাসযোগে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অপরিচিত একটি স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগে এক কোটি দশ লাখ ও ভূক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান জিনিস পত্র লুট করে চলে যায়।
ছুটিরদিনে ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে অভিযোগের বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কোম্পানিতে বিকাশের লেনদেন করা হয়। এটা শুধু সিটি ব্যাংকই করেন। তাদের কোম্পানি মালিক দেশের বাহিরে থাকায় তার স্বাক্ষর করা চেকের মাধ্যমে তারা টাকা উত্তোলন করেন। এটা করা যায়। তিনি বলেন, ছয়জন ডাকাতের একজন আমাদের গাড়িটি চালিয়ে তাদেরকে বিভিন্ন স্থানে প্রায় আড়াই ঘন্টা ঘুরিয়ে তারপর সব ছিনিয়ে নিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ সম্পর্কে তাদের জানা নেই, কিছু শুনেননি। খবর নিয়ে জানবেন বলে জানিয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, এ ঘটনার স্পর্ট পরিদর্শন করেছেন। প্রযুক্তির সহয়তায় তারা তদন্ত শুরু করেছেন। আশা করছেন দ্রæত ঘটনার সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম জানান, ঘটনার কথা শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।
























