আরিফ হোসাইন, ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রাজধানী সহ, সারাদেশে দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিট। তারই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি, জেলা যুগ্ম সম্পাদক, হারুন অর রশিদ প্লাবন, জেলা দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রাজু আহমেদ রাজিব এর নেতৃত্বে আরাপপুর বাস স্ট্যান্ড থেকে এক বিশাল মিছিল নিয়ে ঝিনাইদহ বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে পৌঁছায়। এছাড়া ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রাম মহল্লা ও ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে এক আনন্দ মিছিল বের করে। উক্ত শোভাযাত্রা ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এছাড়াও, মিছিলে অংশগ্রহণ করে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীবৃন্দ। উক্ত আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন স্থান পরিদক্ষিণ শেষে ঝিনাইদহ পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল এর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মশোভাযাত্রা শেষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস বলেন, “বিগত ১৭ বছর দেশ ও জাতি এক মুমূর্ষু সময় পার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সকল আন্দোলন সংগ্রামে রাজপথে জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই কাজ করবে ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আমরা দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবো।”
অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ প্লাবন বলেন, “বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।”
এদিকে, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জনাব মুস্তাক আহমেদ বলেন, “বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশ ও জাতির কল্যাণে শতভাগ কাজ করবে।”
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে পক্ষে গণ জোয়ার তোলার আহবান জানান।
























