আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে আমঝোল বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকায় আমঝোল বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর গোতামারী ৯ নং ওয়ার্ডের আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছাড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পার্শ্ববর্তী এক ডাক্তারের নিকট নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটির নিয়ে প্রক্রিয়াধীন চলমান।
























