নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৬’ এর প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘স্বাধীনতা ক্রীড়া সংঘ, ঢাকা’র সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকন।
বাফুফের পক্ষ থেকে জারি করা এক মনোনয়নপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বয়সভিত্তিক ফুটবল উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার খেলাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং লীগের সার্বিক কার্যক্রম তদারকি করার উদ্দেশ্যে তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
মনোনয়নপত্রে বাফুফে আশা প্রকাশ করেছে যে, গোলাম ফারুক খোকন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রতিযোগিতার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এতে আরও স্বাক্ষর করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অ-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল করিম।
ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের সংগঠক ও ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকনের অভিজ্ঞতা বয়সভিত্তিক ফুটবল আয়োজনকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৬ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এ প্রতিযোগিতাকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
























