রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক কবরস্থানের বাউন্ডারি নির্মাণের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল -ইট, বালু ও সিমেন্ট দিয়ে ব্যক্তিগত বাড়িঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো আটলাসপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর স্থানীয় শাহজাহান খান ও তাঁর দুই ছেলে মেহেদী খান ও মাহবুব খানের দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কবরস্থানের বাউন্ডারি নির্মাণের জন্য ব্যবহৃত ইট, বালু ও সিমেন্ট সরিয়ে ব্যক্তিগত বাড়িঘর নির্মাণে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। একটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী কীভাবে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সামাজিক কবরস্থানের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহজাহান খান মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি এরিয়ে যায় ও তাল বাহানা করে ফোন রেখে দেয়।পরে ফোন পাওয়া যায় নি।
তবে সামাজিক কবরস্থানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
























