নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে মস্তকবিহীন অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ লাশ উদ্ধার করে হয়েছে । সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের উপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির পুরুষের গলাকাটা লাশ দেখে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছে দুর্বত্তরা তাকে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানান, একজন পুরুষের গলাকাটা লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ধারণা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
























