রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধি
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে প্রভাবশালীদের চাল ক্রয়ের ছবি তোলায় সাংবাদিকদের বাঁধা প্রদান করা হয়েছে। গতকাল লাহিড়ীপাড়ায় ইউনিয়ন পরিষদে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
গোপন সংবাদে জানা যায়, প্রতিনিয়তই চিহ্নিত একটি প্রভাবশালী মহল এই চালগুলি গরিব মানুষদের কাছ থেকে অর্থ লোভ দেখিয়ে, আবার কারো কারো কাছ থেকে কার্ড নিয়ে নিজেদের কাছে রেখে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে ক্রয় বিক্রয় করছে।
এ ঘটনায় দৈনিক গণমানুষের আওয়াজ বগুড়া প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলার শাখার সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদে রাখা চাল কার জিজ্ঞেস করলে চাল ক্রয় এর সঙ্গে জড়িত সদস্যরা কারো নাম না বলতে নারাজ।
এ সময় তিনি চালের বস্তার ছবি তুলতে গেলে চাল ক্রয়ের সঙ্গে জড়িতরা বিভিন্নভাবে বাধা প্রদান করে তার ক্যামেরা কেড়ে নেয়ার হুমকি প্রদান করে। একই সাথে তারা বিভিন্নভাবে অসৌজন্যমূলক আচরণের চেষ্টা করে। ঘটনার সময় ইউপি সচিব ও গ্রাম পুলিশ উপস্থিত ছিল।
পরবর্তীতে ইউপি চেয়ারম্যান আবু নাসের আপেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনিও লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি সাইদুর রহমান সাজু অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
























