মোঃ রায়হান সিদ্দিকী, বেনাপোল (যশোর) :
যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার সহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে আটক করা। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে।
বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়, তারা গোপন সংবাদে জানতে পারে ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ইউ এস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতর অবস্থান করেন।
পরে সন্দহভাজন ঐ যাত্রী মহিলাটি ইমিগ্রেশন চেকপোস্ট এরিয়ায় আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে আমেরিকান ডলার গুলো উদ্ধার করা হয়। তার পাসপোর্ট নং-A11322220। উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লক্ষ টাকা। উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























