আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সিংগীমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশী হাসিবুল আলম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের সাব ৬ এস পিলারের নিকটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশী জমিতে ঘাস কাঁটতে যায়। এ সময় ভারতের শীতল কুচি এলাকার নগর ক্যাম্পের বিএসএফ’র টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং তাকে ভারতীয় বিএসএফ’র গাড়িতে তুলে তার চোঁখে গুলি করেন বিএসএফ। পরে হাসিবুলকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএসএফ সীমান্তের একটি সূত্র জানিয়েছেন। ওই সূত্রটি আরো জানান, সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
























