সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনা ঘটেছে|
শনিবার সকালে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায়| এ ঘটনায় শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন|
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে হানা দেয় একদল ডাকাত| প্রতিষ্ঠানের সাবেক ডিএসও (উঝঙ) রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়|
ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক আল আমিন জানান, ডাকাতদল অফিসে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়| মারধরের একপর্যায়ে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরা ডিবিআর এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়| এছাড়া লুণ্ঠিত মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল|
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারী রবিউল আউয়াল পিন্টু শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক| সরকারি দলের ভুইফুড় সংগঠনের পদের প্রভাবে ডাকাতি শেষে হামলাকারীরা বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে প্রতিষ্ঠানের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখায়|
প্রতিষ্ঠানের মালিকের ধারণা, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে|
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে| জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে|
























