কুমিল্লার চৌদ্দগ্রামে আবু বক্কর নামের এক ছেলে তার মা খায়েরুন নেছাকে (৭৫) নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে। তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। চৌদ্দগ্রাম থানা পুলিশের পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হত্যাকারী আবু বক্কর বিডিআর বিদ্রোহ মামলার আসামি হিসেবে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আসে। এরপর থেকে সে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রোববার দুপুরে তার মা খায়েরুন নেছা নামাজ পড়াকালীন সময়ে ছেলে আবু বক্কর অতর্কিতভাবে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে মাকে কোপাতে থাকে সে। এতে ঘটনাস্থলেই খায়রুন নেছার মৃত্যু হয়।
এদিকে, ঘরের অন্য সদস্যদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক ছেলে আবু বক্করকে আটক করে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
























