ঝালকাঠি প্রতিনিধিঃ মহামারি করোনা পরিস্থিতিতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রচারণায় সচেতন হয়েছে প্রায় সকল শ্রেণীপেশার মানুষ। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারনেও সচেতন হয়েছে তরুন সমাজ৷ তবে এর মধ্যেও নিম্ন শ্রেনিপেশা ও অনেক তরুনের মাঝে অসচেতনতা লক্ষ করা গেছে ঝালকাঠিতে।অনেকই মাস্ক বা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই ঘরের বাইরে বের হচ্ছেন। যা অন্যান্যদের হুমকির কারন হচ্ছে।
যার ফলে করোনা পরিস্থিতি ভয়ংকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাস্ক ও সুরক্ষা সরাঞ্জাম ব্যতিত কাউকে দেখলেই তাদের শাস্তির আওতায় না এনে তাদের মাস্কের গুরুত্ব বুঝিয়ে বিনামূল্যে তাদের মাস্ক বিতরণ করছেন।
এ মাস্ক জেলা প্রশাসন ঝালকাঠির উদ্যোগে বিতরণ করা হচ্ছে এবং সামনে তা আরো ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।অসচেতন মানুষের মাঝে জেলা প্রশাসন ঝালকাঠির এমন উদ্যোগ সচেতন মহলে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। করোনা পরিস্থিতি নিরসনে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম রুবি, এ.এইচ.এম. ফখরুল হোসাইন, আবু মুছা, আবু জর, আহমেদ হাছান, সিফাত বিন সাদেক ও তাছবীর হোসেনকে গত কয়েকদিন মোবাইল কোর্ট পরিচালনারত অবস্থায় মাস্ক বিতরণ করতে দেখা গেছে।জেলা প্রশাসন ঝালকাঠির এমন উদ্যোগ সকল মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
























