ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশক সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় ঝালকাঠি সদর উপজেলায় শেখেরহাট ইউনিয়নের ৬টি গরীব পরিবারের ঘরের চালা ও বেড়াসহ গৃহ সংস্কারের জন্য গৃহ নির্মাণের সামগ্রী হিসেবে ৮ বান্ডিল করে টিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১২ টায় ২২ ইঞ্জিয়ারিং ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার-ই-আলম এই অসহায় পরিবার গুলোর হাতে নির্মাণ সামগ্রী তুলে দেন।
এ সময় তার সাথে মেজর ইসতিয়াক আহম্মেদসহ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের কতিপয় সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এই ইউনিয়নের সিরযুগ গ্রামের স্বামী পরিত্যাক্তা মিরু বেগম, একই গ্রামের বাবুল হাওরাদার ও সালেহা বেগম এবং মির্জাপুর গ্রামের আলেয়া বেগম ও হেমায়েত উদ্দিনসহ গরংগল গ্রামের মনিকা ঘরামীকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
লেঃ কর্নেল সরওয়ার-ই-আলম জানান,বাংলাদেশ সেনা বাহিনী সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং আগামীতেও তাঁরা তাদের পাশে থেকে দেশের সেবা করে যাবেন। আগামী দিনগুলোতে এই সহায়তার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
























