জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার শিমুলতলী মোড় এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নবীর হোসেন (৫০) নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন কায়সার (৩৫) নামে এক যাত্রী। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবীর হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত বাসমত উল্লাহর ছেলে ও আহত কায়সার হোসেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবীর হোসেনের ভ্যানে করে একই গ্রামের কায়সার হোসেন ধান বহন করে নিয়ে যাচ্ছিল স্থানীয় পাঁচ শিরা বাজারে। পথিমধ্যে শিমুলতলী এলাকায় জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দিলে মহাস্থান এলাকায় ভ্যানচালক নবীর হোসেন মারা যায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম মালিক।
























