ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী ক্যানটাকি ফ্যাক্টুরির সামনে থেকে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যানে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহলদল তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁ মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকার ক্যানটাকি ফ্যাক্টুরির সামনে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৮- ৬৬৮৩) বিকল হয়ে পড়ে। বিকল গাড়িটি মেরামত করার সময় বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মুজিবুর রহমানের ছেলে ছিনতাইকারী হৃদয় আহম্মেদ (২৫) ও লক্ষীপুর জেলার রামগাই থানার সোনাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০) বিকল গাড়ীতে থাকা মুরগী ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরির ভয় দেখিয়ে তার কাছ থেকে মুরগী বিক্রির ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যেতে থাকে। এসময় ওই ম্যানেজার চিৎকার দিলে কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) মো. হাবিবুর রহমান ছিনতাইকারীদের ধাওয়া করে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ হয়ে ছিনতাইকারী একটি চক্র বিভিন্ন যানবাহনে ছিনতাইকারী করে আসছে। পুলিশ বিভিন্ন সময়ে তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার দুই ছিনতাইকারী আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুই ছিনতাইকারীকে হাইওয়ে পুলিশ মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারী চক্রটি গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
























