নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার হ্নীলায় পূর্ব শত্রুতার জের ধরে ঈমাম হোসেন (১৭) নামের এক যুবককে গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
গতকাল রবিবার (১১এপ্রিল) রাত ৯টার দিকে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করে খুন করার পরে লাশ গুমের চেষ্টা করা হলেও জনতার সহায়তায় পুলিশ পাহাড়ি ঘোনা থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
নিহত ঈমাম হোসেন(১৭) হ্নীলার পশ্চীম লেদার নূরালী পাড়ার আব্দুর রহিমের পুত্র।
জানা যায়,নিহত ঈমাম হোসেন এক সময়ের আইন—শৃংখলা বাহিনীর এক সময়ের সোর্স হিসাবে পরিচিত।
নিহতের বড় ভাই সাদ্দাম হোছন জানান, রাত ৯টার দিকে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে স্থানীয় আবুল হোছনের পুত্র কুখ্যাত ডাকাত ও ইয়াবা কারবারী আব্দুল খালেক প্রকাশ ডাকাত খালেক, আব্দুর রহমান, আব্দুল আউয়াল, আবুল কালামের পুত্র নাসিম, জনৈক আব্দুইয়াসহ ১০/১৫ জনের একটি গ্রুপ এসে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় টেনে—হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে নিহতের পিতা স্থানীয় লোকজন নিয়ে পাহাড়ে গিয়ে জাফরের ঝিরি এলাকা হতে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
























