আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় রেললাইনের স্লিপার চুরির ঘটনা ঘটেছে, এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত ট্রেনযাত্রী।
জানা গেছে, বড়খাতা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রেললাইনের প্রায় ৫০টি স্লিপার খুলে বিক্রির চেষ্টা করছিল রবিউল ইসলাম নামে এক যুবক। রবিউল হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ার- ৯ নং ওয়ার্ডের বকুল হোসেনের ছেলে। স্লিপার চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রেললাইনের গুরুত্বপূর্ণ অংশ স্লিপার অপসারণের কারণে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, ফলে বড়খাতা রেলস্টেশনে অবস্থানরত ট্রেনটি নিরাপদে থামিয়ে রাখা হয় এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সচেতন মহলের মতে, সময়মতো স্থানীয়রা ঘটনাস্থলে না গেলে শত শত যাত্রীর প্রাণহানির হয়ে যেতো।
এ ঘটনায় তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।























