নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কান্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেফতার সোনারগাঁ থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলা সুপার মাহবুবুল আলম জানান, ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। পরবর্তীতে তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়।
ইকবাল হোসেনের স্ত্রী রাশেদা ও ৪ মেয়ে মাহবুবা, মানসুরা, মোকারমা ও ইমতিহা ও ১ ছেলে ইমরান রয়েছেন।
বড় মেয়ে মেয়ে মাহবুবা জানান, দুপুর ৩ টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হলো। আমাদেরকে সকালে জানানো হয়েছে তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি ইতোমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন। তাকে ৩ টায় মৃত ঘোষণা করা হয়।
এর আগে ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল। পরে সোনারগাঁও থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব।
পরে ১২ এপ্রিল পুলিশ দুই মামলায় তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে পাঠালে আদালত তার এক মামলায় দু’দিন ও আরেক মামলায় একদিনসহ মোট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
























