ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খলিল বেপারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের ওয়াশিম মাদবরের বিরুদ্ধে। ২৬ মে বুধবার সাবেক মালগাঁও গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে বীর মুক্তিযোদ্ধা খলিল বেপারী (৭৫) এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চা খেতে যাওয়ার পথে সেলিম ফকিরের দোকানের সামনে ওয়াশিম মাদবর সাথে কথা কাটাকাটির জের ধরে খলিল বেপারী উপর হামলা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খলিল বেপারীর ছেলে উজ্জল বেপারী বলেন, আমার বাবাকে এই বয়সে জুতা দিয়ে পিটিয়ে এবং ঘুষি মেরে আহত করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে সম্মানহানি করছে। আমরা এ বিষয়ে ডামুড্যা থানায় অভিযোগ করেছি, মামলার প্রস্তুতি চলছে।
ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির জন্য জীবনবাজী রেখে যুদ্ধ করেছি। স্বাধীন দেশে আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।
ওয়াশিম মাদবরের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মুঠোফোনে তাকে জিজ্ঞাসা করা হলে ঘটনা সম্পুর্ন মিথ্যা বলে দাবী করেন।
























