নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের কাঁচপুরে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার রাত পৌনে ১২ টায় কাঁচপুর সেনপাড়া এলাকায় র্যাব ১১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ২৭০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন আজিম খাঁন (৩৪), ইলিয়াছ মিয়া (৪৫), তাওহীদ মিয়া (৪০), মো. ইরন মিয়া (৪৫) ও মো. ফায়জুল (৪১)।
সোমবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁয়ে কাঁচপুর সেনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা কায়দায় নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ৫০/৬০ জন লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, সাম্প্রতিক সময়ে এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণের জন্য জুয়ারিরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃংখলা বিঘ্নিত করে আসছে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























