ডামুড্যা, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ডামুড্যা উপজেলা শাখা।
সোমবার (৩১ মে) বেলা ১১টার সময় ডামুড্যা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন বলেন, আমরা দেশ স্বাধীন করেছি কোন সন্ত্রাসীর হাতে মার খাওয়ার জন্য নয়। ২৫ মে আমার এক মুক্তিযোদ্ধা ভাই খলিলুর রহমানের উপর কিছু বখাটে সন্ত্রাসী হামলা করে তাকে আহত করে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা তাকে ডামুড্যা হাসপাতালে ভর্তি করেন। এরপর দিন তার পরিবারের পক্ষ থেকে ডামুড্যা থানায় হামলাকারীদের নাম উল্লেখ মামলা করার পরও আজ পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। তাই আমরা এ মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আসামীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ছৈয়াল, আঃ আজিজ লাহরি, সিরাজুল হক, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, খালেক গোলদার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান শরীয়তপুর জেলার সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভিপি শামীম খান, ডামুড্যা উপজেলা সভাপতি মোঃ আওলাদ হোসেন।
























