সাব্বির আহাম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জে আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। ২২ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।
সোমবার (২১ জুন) বিকেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, নারায়ণগঞ্জ, গাজীপুর,মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জে এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি আরও জানান, জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, ওষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মতো সেবা চলমান থাকবে। এছাড়া ওই অঞ্চলের সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব জেলা থেকে ঢাকাগামী কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, অষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি বিস্তাররোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়। গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।
চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার।
পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক বসিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়।
এ ছাড়া বিধিনিষেধে আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া ছিল। এ ছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি অফিস সীমিত পরিসরে চলছে। আর সীমিত পরিসরে হচ্ছে ব্যাংকের লেনদেন।
























