মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলার করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার মধ্যে দুইজন মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার (৬ জুলাই)মৌলভীবাজারের সিভিল সার্জন জানান, সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ৩২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগরের ৭ জন, কুলাউড়ার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা ও জুড়ীতে আক্রান্তের সংখ্যা শুন্য।
























