নিজস্ব প্রতিবেদক’
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেলে আবারো দুর্বত্তরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা পন্ড হয়ে যায়।
রোববার (১৫ আগস্ট) সকালে সোনারগাঁ পৌরসভা মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে নির্মিত এ প্যান্ডেলে হামলা ও ভাংচুর করা হয়। এসময় চেয়ার টেবিল ও সাঁটানো ব্যানার ভাংচুর ও ছিড়ে ফেলা হয়। এর আগে গত শনিবার বিকেলে একই স্থানে হামলার করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতাকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু। পুনরায় হামলার ঘটনার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান, পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় প্যান্ডেল ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জানা যায়, সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পালন করছেন। পৃথকভাবে তারা ব্যানার ও ফেষ্টুন সাঁটিয়েছেন। সোনারগাঁ উপজেলা আওয়ামলীগের আহবায়ক কমিটির ব্যানারে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আহবায়ক কমিটি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু সমর্থকরা এ দিবসটি উদযাপনের প্রস্তুতি নেন। এ উপলক্ষে দু’ পক্ষই উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও গণভোজের জন্য প্যান্ডেল তৈরি করে। সোনারগাঁ পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে আবু জাফর চৌধূরী বিরুর সমর্থক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মিলাদ মাহফিল ও আলোচনা সভার জন্য প্যান্ডেল নির্মান করে। শনিবার বিকেলে ওই এলাকা ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ওই প্যান্ডেলের চেয়ার টেবিল ভাংচুর করে প্যান্ডেলটি গুড়িয়ে দেয়। গতকাল রোববারও সকাল ১১ টার দিকে ঘটনাস্থলের পাশ্ববর্তী স্থানে কায়সারের সভা চলাকালে আবারো প্যান্ডেলে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে। এ ঘটনা প্রকাশ্যে হলেও কেউ হামলাকারীদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারকে দায়ী করেছেন। প্যান্ডেল ভাংচুর হওয়ার কারনে এ স্থানে বিরু সমর্থকদের আলোচনা সভা পন্ড হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধূরী বিরু বলেন, জাতির পিতার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে হামলা ভাংচুর করে জাতির পিতাকে অবমাননা করেছেন। এটা অবশ্যই অমার্জনীয়। কায়সারের নির্দেশে মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ও যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজিবের নেতৃত্বে কিছু উশৃঙ্খল যুবক এ হামলা ও ভাংচুর করে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রে অভিযোগ দিবো।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, গণভোজের অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের বিষয়ে খতিয়ে দেখে সতত্যা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিলের প্যান্ডেলে পুনরায় হামলা মেনে নেওয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
























