মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে মেহের নাজনীন কনা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের ফজলুল হক ঠান্ডুর মেয়ে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, মেহের নাজনীন কনা শুক্রবার সকালে পার্শ্ববর্তী তাড়িয়াপাড়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে স্থানীয় শিশুদের সাথে সে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
























