নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে কখনো মামলা, কখনো বিরুদ্ধাচারণ, কখনো জিডি করতে গিয়ে এবার স্বাভাবিক দুর্ঘটনার দায় তার উপর চাপিয়ে ধারণা করা থেকে সাধারণ ডায়রি (জিডি) করেছেন সাঈদা আক্তার শিউলি।
শনিবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ জিডি দায়ের করেন তিনি।
জিডিতে উল্লেখ করেন, সোনারগাঁয়ের কাঁচপুরে তার মালিকানাধীন এসএস ফিলিং ষ্টেশনের সামনে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে সিমেন্টের মিক্সার মেশিনের টেইলর (ঢাকা মেট্রো-শ-১১-১৬৩৮) হাই ভোল্টেজের দুটি বৈদ্যুতিক খুটি, বিশাল আকৃতির তিনটি সাইনবোর্ড এবং বৈদ্যূতিক সরঞ্জাম ভেঙ্গে ফেলে। এতে প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়।
শিউলি উল্লেখ করেন, তিনি একটি মামলায় আসামি করেছিলেন কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে। তারা একটি ট্রান্সপোর্টের মালিক। তারা নানাভাবে তাকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে তাই তারাই এ কাজ করতে পারে বলে শিউলির এবং তার শুভাকাঙ্ক্ষীদের ধারণা।
এ ব্যাপারে কাউন্সিলর খোরশেদ জানান, প্রশ্নই উঠেনা। সিমেন্টের মিক্সার মেশিনের কোন গাড়ির মালিক আমরা নই বাঁ এ ধরনের গাড়ির ব্যবসাও আমাদের নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খোরশেদের বিরুদ্ধে কোন জিডি না। একটি পাম্পের সামনে দুর্ঘটনার কারণে একটি গাড়ির ধাক্কা লেগে দুটি খুটি ক্ষতিগ্রস্থ হয়। এটা একটা ধারণা করেছে তারা যে হয়তো কাউন্সিলরের লোকজন করে থাকতে পারে, সেটাই অবহিত করেছে শুধু।
























