কাউসার আহমেদ , কুবি প্রতিনিধিঃ
রবিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছেন ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ ‘।
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুনিম হাসান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের কুমিল্লা জেলার কমান্ডার নন্দন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবদুস সালাম বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস। বঙ্গবন্ধু কোনো দলের না বরং এদেশের সবার নেতা। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। বঙ্গবন্ধু অনেক আগে থেকে ভেবে রেখেছিলেন যে এ জাতিকে মুক্তি দিতে হবে। বঙ্গবন্ধু যখন ৭ মার্চের ভাষণ দেয় তখন আমরা মাঠে খেলছিলাম, অনেক মানুষ বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনছিল। অবশেষে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এ স্বাধীন দেশ অর্জন করি। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিনবছর বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি অনেক মহা পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফল আমরা এখনও ভোগ করছি।
প্রধান বক্তার বক্তব্যে নন্দন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানিরা এ দেশের জনগণের উপর নির্বিচারে হামলা চালানোর পর শুরু হয় মুক্তিযুদ্ধ। তৎকালীল ভারত সরকারের সহযোগিতায় ১ মাস ট্রেনিং শেষে নিজ নিজ এলাকায় যুদ্ধ শুরু করি আমরা। অবশেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। অন্যান্য দেশের মতো ২০৪১ সালে বাংলাদেশও ধনী রাষ্ট্রে পরিণত হবে, সেই আশায় আছি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস, কাস্টমস এন্ড ব্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মনির হোসেন ও মোঃ আল-আমীন ভূইয়া, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীরা।
























