নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় গ্রামে খেলতে গিয়ে দিঘির পানিতে ডুবে নোহা আক্তার (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত নোহা আক্তার পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে।
দিঘিরপাড় গ্রামের বাসিন্দা আলা উদ্দিন জানান, সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে নোহা এবং হৃদয় মিয়ার ছেলে মোস্তাকিম বাড়ির পাশে খেলতে গিয়ে দিঘির পানিতে ডুবে। এসময় আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোহা আক্তারকে মৃত ঘোষণা করেন।এদিকে শিশুর মৃত্যুর ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
























