বগুড়া প্রতিনিধিঃ
দুই সন্তানের জননীকে জোরপুর্বক অপহরণের অভিযোগে বগুড়ার শেরপুরে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে অভিযুক্ত গ্রাম পুলিশ ভুট্টু চন্দ্র (৪০) কে গ্রেপ্তার করে পুলিশ। সে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দোয়ালসারা গামের মৃত শুকলাল চন্দ্রের ছেলে এবং বিশালপুর ইউনিয়ন পরিষদে কর্মরত একজন গ্রাম পুলিশ।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, দুই সন্তানের জননী নারীকে গ্রাম পুলিশ ভুট্টু সরকারি ত্রানের কার্ড পাইয়ে দেবার কথা বলে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে। এরপর তাকে নানা কুপ্রস্তাব দেয়। কিন্তু সে রাজি না হওয়ায় গত ১৯ জানুয়ারী বেলা ১০টার দিকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়।
বগুড়া শেরপুর থানার এসআই সাইফ জানান, অভিযুক্ত গ্রাম পুলিশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
























