সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াব এলাকায় পূর্বাচল সাউথ ক্যাবল নেটওয়ার্ক ও ইগলু আইসক্রিম ডিলারশীপ গোডাউন এ অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষতিসাধন ও ২০ লাখ টাকার মালামাল লুটপাটের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ৬ এপ্রিল বুধবার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমান উল্লার স্ত্রী রাবিয়া আক্তার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ডিস ব্যবসায়ী আমান উল্লাহ সাংবাদিকদের জানায়, গুতিয়াব এলাকার হালিমের ছেলে সাদ্দাম ও সিরাজ-উদ-দৌলার ছেলে পারভেজ (২৮) আমার কাছে দীর্ঘদিন যাবত মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় ০৩ এপ্রিল রবিবার রাতে সন্ত্রাসী সাদ্দাম ও পারভেজ এর নেতৃত্বে ১৮/২০ জনে মিলে পেট্রোল দিয়ে আমার পূর্বাচল সাউথ ক্যাবল নেটওয়ার্ক ও ইগলু আইসক্রিম ডিলারশীপ গোডাউনে আগুন লাগিয়ে দেয়। আমার ক্যাবল নেটওয়ার্কের অফিস ও আইসক্রীম গোডাউনের মালামালের প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়। এসময় সন্ত্রাসীরা ২০ লাখ টাকার মালামাল লুটিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।
























