স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার শ্যামনগরে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী শফিকুল গাজীর (৪৫)। মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক স্বামীকে আটক করেছে গ্রামবাসী।
নিহত আশরাফুন্নেছা বেগম (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী।
গাবুরা ইউনিয়নের ইউপি সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। মাঝে-মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে সে প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করেন। সোমবারও তাকে মারপিট করে চলে যান। রাতে আবারও প্রথম স্ত্রীর কাছে আসেন শফিকুল।
তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরের দিকে প্রথমে মারপিট করে গলা চেপে হত্যার চেষ্টা করেন। তারপর বালিশচাপা দিয়ে হত্যা করেন। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























