ঝালকাঠি প্রতিনিধিঃ
পুরনো বিরোধকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী। শুক্রবার বিকেলে উপজেলার চল্লিশকাহনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। এতে সাংবাদিক নোমানির মা পারুল বেগম ও বোন লিপি বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে নোমানীর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চল্লিশকাহনিয়া এলাকার পীর শাহ রুমিয়ান ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দরবার শরীফে। বৃহস্পতিবার গ্রামের বাড়ির পাশেই ওই অনুষ্ঠানে ছেলেকে নিয়ে উপস্থিত হন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী। অনুষ্ঠানে আসেন প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তঁার ছেলে। পুরনো বিরোধকে কেন্দ্র করে নোমানী ও দোয়ারের মধ্যে কথার কাটাকাটি হয়। এতে ক্ষুব্দ হয়ে আজ শুক্রবার দুপুরে চল্লিশকাহনিয়া বাজারে সাংবাদিক নোমানীকে একা পেয়ে লোকজন নিয়ে হামলা করে দেলোয়ার হোসেন। এতে নোমানী গুরুতর আহত হয়। খবর নোমানীর বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বঁাধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পরপই পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিক নোমানীসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
























