নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মো. শান্ত (১৯) ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় ট্রাক চালক মো. রুবেল (২৫) আহত হয়েছেন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এসএস পাইপের একটি দোকানে ঢুকে যায়। এসময় গাড়ির চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলেই হেলপার গুরুতর জখম হয়ে মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হােসেন জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
























