নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত মাহিমা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও আহতরা হলেন- রাহাত (২২), সাইফুল (২২), হান্নান (২২),ও আবির (২৩)।নিহত মাহিমা পরিবারের সঙ্গে ডেমরা সারুলিয়ায় থাকতেন। তার বাবার নাম মাহ্ফুজুর রহমান।সে সোনারগাঁ চৌরাস্তার মা জেনারেল হাসপাতালের পরিচালক।
এ ঘটনায় নিহতের বন্ধুরা জানান,তারা আজ সকালে সোনারগাঁ পানাম সিটি দেখার জন্য দুটি প্রাইভেটকার নিয়ে ১০-১২ জন বন্ধু রওনা দেন। পথে মধ্যে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাস তাদের প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক মাহিমাসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল নিলে চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন আহতের বিষয়টি জেনেছি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।
























