মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সরকাররের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা মিনু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
প্রয়াত ছায়েদুল হকের ভাতিজা রেজাউল হক আমজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে দিলশাদ আরা মিনু বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি একাধিকবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ছায়েদুল হক। ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সক্রিয় ছিলেন এই নেতা। ১৯৭৩ সালে প্রথমবারের মতো তিনি নাসিরনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছায়েদুল হক মারা যান।
























