মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
সাড়ে সাত বছর পর সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
এ উপলক্ষে রোববার দুপুরে সম্মেলন স্থল জিলা স্কুল মাঠে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে বলে মনে করেন দলের নেতা-কর্মীরা।এর আগে ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
























