নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় গতকাল সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ একটি নোহা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশ একটি নোয়া প্রাইভেট কারে (চট্টমেট্রো-চ-১১-৫৭৫৬) তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী এহসান উল্লাহ ব্লাজারের ভেতরের পকেট থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ সফিউল আলমের জ্যাকেটের পকেট থেকে ১হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮লাখ ৭০ হাজার টাকা। এসময় পুলিশ মাদক বহন করা নোহা প্রাইভেট কারটি আটক করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এহসান উল্লাহর বাড়ি চট্টগ্রামের লোহাগড়া থানার সুফিবাদ কাজীপাড়া গ্রামে। তার পিতার নাম-রফিক আহাম্মেদ। মোহাম্মদ সফিউল আলমের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাগা মনদোলারচর গ্রামে। তার পিতার নাম আহমেদ মিয়া।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
























