নিজস্ব প্রতিবেদকঃ
বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করে নতুন পাঠ্যক্রম প্রণয়নের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ পাঠ্যক্রম প্রণয়নে নিয়োজিতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক জামিউল মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আব্দুল আজিজ,জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রধান,কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা প্রচার সম্পাদক শাকিল আহমেদ, সোনারগাঁ থানার সভাপতি আবু সাইদ মাহমুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পূর্ব-পুরুষদের বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এই বিতর্কিত পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেওয়া উচিত হবে না।
























