নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে সরকারী তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীদের দুর্বৃত্তদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। আসামিরা হলেন- আমিনপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো. আসাদ মিয়া, লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস ও বশির মিয়ার ছেলে রাব্বি ওরফে বারি।
এর আগে শনিবার দিবাগত রাতে সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো: ইসহাক মিয়া বাদি হয়ে তিনজনের নামসহ ১শ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।
জানা যায়, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন রাজধানী ঢাকার সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী। শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ঢাকার ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১০-১৫জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর এলোপাথারিভাবে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এসময় শিক্ষার্থীদের দুটি বাস ভাংচুরসহ পিটিয়ে আহত করে তারা।
দুর্বৃত্তদের হামলায় মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রী, নুসরাত জাহান, আদিল, আব্দুল খালেক, রাফি, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রিফাত ও বায়েজিদসহ ২৫জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
























