নিলয়, স্পোর্টস ডেস্ক:
লাল, হলুদ দুইটা কার্ডের সঙ্গে মানুষ পরিচিত যুগ যুগ ধরে। বিশেষ করে যারা ফুটবল সমর্থক রয়েছে তাদের কাছে লাল এবং হলুদ কার্ড অতি সাধারণ একটি বিষয়। কারণ ফুটবলে প্রতিপক্ষকে অবৈধ ট্যাকেল করলেই মাত্রা অনুযায়ী দেখানো হয় লাল কিংবা হলুদ কার্ড। ক্রিকেটে এটি বিরল হলেও সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী হলো পুরো ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের দেড়শো বছরের পথ পরিক্রমায় প্রথম বারের মতো লাল কার্ড ব্যবহার করলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড খাওয়ার লজ্জাজনক রেকর্ডও গড়লেন ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইন।
টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের জন্য দলের অধিনায়ককে করা হয় অর্থ জরিমানা। এতেও যদি মন্থর ওভার করতে থাকে তাহলে দেওয়া হবে লাল কার্ড এমন নিয়ম চালু করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। টুর্নামেন্টির নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে ২০ ওভার। অতিরিক্ত সময়ের জন্য করা হবে জরিমানা সাথে অধিনায়ককে দেখানো হবে লাল কার্ডও। ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড দেখানো হলে ১১ জন খেলোয়াড় কমে এসে দাঁড়াবে ১০জনে। অধিনায়ক ইচ্ছেমতো যে কোন একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবেন।
সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারাইনকে। শুধু মাত্র সিপিএলে নয় নারাইন একমাত্র খেলোয়াড় যিনি প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ইনিংসের জন্য সময় নির্ধারণ করা হয় ৮৫ মিনিট। যার মধ্যে ২০ ওভার কোটা পূরণ করতে হবে বোলারদের। আর তাই ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হবে ১৭ ওভার। একই ভাবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে শেষ করতে ১৯ ওভার। শেষ দিকে যথাসময়ে সময় পূরণ করতে না পারলে বৃত্তের বাইর থেকে একজন ফিল্ডারকে নিয়ে আসা হয় বৃত্তের মধ্যেই। এত কিছুর পরেও যদি সময় ক্ষেপন করা হয় তবেই দেখানো হয় লাল কার্ড।
























