রায়হান সিদ্দিকী, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৯শ ৪০ গ্রাম ৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলো – ঝিনাইদহ জেলার কালীগন্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩),যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান,
বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। “এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় বড় চারটি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৯শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।”এ নিয়ে গত এক বছরে একশ বার কেজি সোনা আটক আটক করেছে ২১ বিজিবি। যার সিজার মূল্য প্রায় একশত কোটি টাকা।
























