সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল কায়সারের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষনার পরই সোনারগাঁয়ের সাদিপুরে নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন।
যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন,সাংসদ আবদুল্লাহ আল কায়সার ২০০৮ সালে তিনি আওয়ামীলীগের টিকিটে বিএনপির হেভিয়েট প্রার্থী অধ্যাপক রেজাউল করিমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এ মনোনয়ন তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সোনারগাঁবাসীর জন্য প্রাথমিক বিজয়। সোনারগাঁবাসীর দীর্ঘ ১০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। সকল নেতাকর্মীকে প্রাধান্য দিয়ে নৌকা প্রতীক বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেওয়া হবে।
























