সোনারগাঁয়ের পানাম সিটি পরিদর্শনে সাউথ কোরিয়ার প্রতিনিধিদল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার দুপুরে প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।
জানা যায় , কোরিয়ান প্রতিনিধিদল পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখেন। এসময় জেলা প্রশাসক ওই দলকে পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত জানান।
পরিদর্শনকালে কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ।
























