সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়ার কারনে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে ভূক্তভোগীর অভিযোগ। এ ঘটনায় গত বৃহস্পতিবার তালতলা তদন্ত কেন্দ্রে কাজী জুদান বাদি হয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের কাজী কুতুবউদ্দিনের ছেলে কাজী রিদোয়ান ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারি করে ২০ বছর ধরে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের মৃত কাজী ইউনুস মিয়ার ছেলে কাজী শাহাজাদা, আরিফ ইসলাম ও কাজী আয়েশা আক্তার ওই জায়গা নিজের দাবি করেন। পরবর্তীতে স্থানীয় ভাবে জমির কাগজপত্র পর্যালোচনা করে ওই জমি কাজী রিদোয়ানের বলে রায় দেওয়া হয়। এ রায় অমান্য করে কাজী শাহাজাদা নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় গত প্রমাণ দিতে না পারায় ২০২৫ সালের ২৯ জানুয়ারী স্ব স্ব দখলে ভোগ দখলের জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের রায় অমান্য করে গত বৃহস্পতিবার তারা পুনরায় ওই জমিতে গড়ে উঠা দোকানে তালাবদ্ধ করে দেয়। এ ঘটনায় কাজী রিদোয়ানের ছোট ভাই কাজী জুদান বাদি হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বাদি কাজী জুদান জানান, এ ব্যবসা প্রতিষ্ঠানের আয় দিয়ে তার সংসারসহ পাড়ানোশার খরচ চালাতে হয়। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। অভিযুক্তরা আদালতের নির্দেশা অমান্য করেছেন।
অভিযুক্ত কাজী শাহাজাদার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনজার্জ আব্দুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
























