সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামের এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা মুসা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পায়ে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধ খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এক পর্যায়ে তিনি ছটফট করতে থাকেন। স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
























