নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে।
একই সময়ের পরিসংখ্যান অনুযায়ী, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
























