জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জামালপুরের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।
আরও বক্তব্য রাখেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমিন।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান নয়, নিয়মিতভাবে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে চলমান এ পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























