সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। গত রোববার রাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করেন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।
একপর্যায়ে গণপিটুনি খেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দ্বিতীয় দফায় পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থানের মারধর করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সোহেলের ছেলে শাওন মিয়া ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে মারধর না করার অনুরোধ করলেও জনতা মারধর অব্যাহত রাখে। পরে রাত সাড়ে ১১টার দিকে সোহেল গণধোলাইয়ে নিস্তেজ হয়ে পড়লে তাকে ছেলের জিম্মায় রেখে চলে যায় হামলাকারীরা।
পরে ছেলে শাওন স্থানীয়দের সহায়তায় তার বাবাকে চিকিৎসার জন্য কাঁচপুর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পথে মারা যায়।
নিহতের ছেলে শাওন মিয়া জানান, তার বাবাকে চুরির অভিযোগ তুলে গণধোলাই দিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার বাবার পক্ষ থেকে পায়ে ধরেও রক্ষা করতে পারিনি। চুরি করে থাকলে পুলিশে দিতে পারতো। আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করা হয়েছে। এটি হত্যাকান্ড। হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারীক বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চুরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কোন বিষয় সম্পৃক্ত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
























