বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
সারাদেশে হিন্দুদের মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রতিবাদী সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল চন্দ্র দাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির জেলা আওয়ামী লীগের সংহতি প্রকাশ করে এবং দোশী ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন এবং অনশনরতদের পানি পান করিয়ে অনসন ভঙ্গকরেন।
























