সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।
বুধবার (২৭ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।
খুতবায় তিনি বলেন, “আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে একই নিয়মে আমরা ঈদ পালন করে আসছি।”
গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, “আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন। তাই বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সে হিসাব অনুযায়ী ঈদ পালন করি। মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।”
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২২টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড়বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া উল্লেখযোগ্য। এছাড়া বারদী ইউনিয়নের চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়া গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।























